
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কৃষক কার্ড হালনাগাদের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের সদর ব্লকের তিনটি ওয়ার্ডে গত বৃহস্পতিবার থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে দিনব্যাপী ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া এলাকায় জরিপ পরিচালনা করা হয়। একইভাবে উপজেলার অন্যান্য গ্রামেও পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান রয়েছে।
তথ্য সংগ্রহ কার্যক্রম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বদিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সুমন্ত তঞ্চঙ্গ্যা, নুনু তঞ্চঙ্গ্যা, নগরবাসী তঞ্চঙ্গ্যা, শিশু বাবু তঞ্চঙ্গ্যা, অনুপম তঞ্চঙ্গ্যা এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্যা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
কৃষি বিভাগ জানায়, সঠিক ও হালনাগাদ তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা এবং ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ জরিপ পরিচালনা করা হচ্ছে।